চট্টগ্রামে ডেংগুর আশংকা বাড়ছে।
চট্টগ্রামে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে চট্টগ্রাম শহরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ডেঙ্গু রোগীদের ভিড় লেগে রয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে।
তবে, এখনও পর্যন্ত ডেঙ্গু নিধনে কোন উদ্যোগ নেয়নি চট্টগ্রাম সিটি করপোরেশন। চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনাকে মোক্ষম অস্ত্র বলে মনে করছেন। তিনি উল্লেখ করেছেন, করোনার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মেয়র আরও বলেন, “নগরের প্রত্যেক সংস্থা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ এবং মসজিদে জুমার নামাজের মাধ্যমে নাগরিকদের সচেতন করতে পারলে করোনার মতো ডেঙ্গুও প্রতিরোধ সম্ভব।”
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জন মারা গেছেন এবং তিন হাজার ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলমান বৃষ্টির কারণে উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

