এপ্রিল ১৮, ২০২৬

গোমতি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার উপরে


অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে বেড়েই চলেছে কুমিল্লার গোমতী নদীর পানি। এতে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অপরদিকে নদীর চর তীরবর্তী শত শত মাছের ঘের, পুকুর, দীঘি, আউশ ধান, আমনের বীজতলা, শাকসবজিসহ নিম্নাঞ্চলের ফসল তলিয়ে গেছে।

নদীতে তীব্র স্রোতের যেকোন সময় গোমতীর শহর রক্ষা বাঁধ ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে চুইয়ে পানি ঢুকছে লোকালয়ে। নগরী সংলগ্ন বাঁধ ধসে পড়লে পুরো নগরীর অবস্থা হবে ভয়াবহ। বর্তমানে টানা বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে।

প্রবল বর্ষণ ও ভারতীয় ঢলে বিপৎসীমার ৯২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে পুরো এলাকা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন গোমতীর দুই পাড়ের মানুষ। চরম বিপর্যয় নেমে এসেছে তাদের জীবনে। আসবাবপত্র ও গৃহপালিত পোষাপ্রাণী নিয়ে বেড়িবাঁধে উঠে এসেছে চরাঞ্চলের মানুষ।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন টানা বৃষ্টি আরো দুইদিন থাকবে। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির নমুনা ভালো নয়, টানা আরো দুইদিন চলতে পারে।