পার্বত্য চট্টগ্রামের পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা, ক্ষতির মুখে পর্যটন ব্যবসা
রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। পাশাপাশি রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসনও একই ধরনের ঘোষণা দেয়। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কারণে পর্যটকদের ৩১ অক্টোবর পর্যন্ত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। একইভাবে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে রাঙামাটিতে ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে।
এ নিষেধাজ্ঞার ফলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যেসব পর্যটক বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, তাদের বুকিং বাতিল করতে হচ্ছে। এতে হোটেল-মোটেল মালিকসহ পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠার আশা করছেন, যাতে তারা তাদের ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে পারেন।

