সেন্ট মার্টিনে যেতে নিবন্ধন বাধ্যতামূলক নয়
সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হবে—এমন কোনো সিদ্ধান্ত নেয়নি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে “সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। এ বিষয়ে মন্ত্রণালয় পরিষ্কারভাবে জানিয়েছে, তারা সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। একই সঙ্গে সঠিক তথ্য প্রচারের স্বার্থে গণমাধ্যমগুলোকে সংশোধনী প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে দ্বীপের পরিবেশ রক্ষা এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনার সময় সেন্ট মার্টিনে ভ্রমণের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালুর সম্ভাবনা নিয়ে কথা হলেও, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

