এপ্রিল ১৮, ২০২৬

সীতাকুণ্ডে পরিবেশগত শর্ত ভঙ্গ: শিপ ব্রেকিং কার্যক্রম স্থগিত


চট্টগ্রামের সীতাকুণ্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজ কাটিং চলাকালে শনিবার (গতকাল) এক ভয়াবহ বিস্ফোরণে ১২ জন শ্রমিক আহত এবং ১ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তর এস. এন. কর্পোরেশন (ইউনিট-২) এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের বেশ কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। এ ছাড়াও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলীও ভঙ্গ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় এস. এন. কর্পোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি আজ রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে।