এপ্রিল ১৮, ২০২৬

জলবায়ু পরিবর্তন রোধে উন্নয়নের বর্তমান ধারাকে বদলাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান


রোববার (৬ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারে ‘কপ নেটওয়ার্ক কনভেনশন- ২০২৪’ এ জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সমাধানের জন্য নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বর্তমান উন্নয়নের পদ্ধতি পৃথিবীর ক্ষতি করছে, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ।
‘কপ নেটওয়ার্ক কনভেনশন- ২০২৪’ এর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা জানান, সাম্প্রতিক অতিরিক্ত গরম ও বন্যা পরিস্থিতি জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, আমরা এমন কিছু উন্নয়নমূলক কাজ করছি যা পরিবেশকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে। মাটির নিচ থেকে তেল ও কয়লা উত্তোলন করে কার্বন নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা গাছ কেটে সেই ভারসাম্যহীনতাকে আরও বাড়িয়ে দিচ্ছি। এভাবে পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি উন্নয়নের দর্শনকে নিজেদের করে নিয়েছি যা যদি আমরা বদলাতে না পারি, তাহলে জলবায়ু পরিবর্তন আমাদের ধ্বংসের মুখে ঠেলে দেবে।” তিনি বর্তমান কৃষি ব্যবস্থায় বীজ সংরক্ষণের অভাবের কথাও উল্লেখ করেন, যা বন্যা পরবর্তী সময়ে সংকট তৈরি করছে। ঘরে-ঘরে বীজ সংরক্ষণ করা গেলে, সরকারের উপর চাপ কমানো যেতো বলেও তিনি জানান।

উন্নত দেশগুলোর ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশগুলোকে উন্নত বিশ্ব পর্যাপ্ত সহায়তা দিচ্ছে না। তাদের অধিক তেল ও গ্যাস পোড়ানোই কার্বন নিঃসরণ বাড়িয়ে চলেছে, অথচ ভুক্তভোগী দেশগুলো সেই অনুপাতে সহায়তা পাচ্ছে না। তবে তিনি সুইডেনসহ কিছু দেশের ব্যতিক্রমী ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। আরও উপস্থিত ছিলেন সুইডেন অ্যাম্বাসির হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মিস মারিয়া স্ট্রিডসম্যান এবং ইউএন উইমেন রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ গীতাঞ্জলি সিং। এছাড়া, জলবায়ু অভিযোজনে বিশেষ অবদান রাখার জন্য দেশের বিভিন্ন অঞ্চলের পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।