এপ্রিল ১৮, ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন উপদেষ্টা রিজওয়ানা


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ এবং যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণে সহযোগিতা জোরদার করবে। তিনি সক্ষমতা বৃদ্ধি, বৃষ্টির পানি সংগ্রহ ও লবণাক্ততা দূরীকরণ উদ্যোগে যৌথভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন। পাশাপাশি এসব সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথাও বলেছেন।

সোমবার (১৯ আগস্ট) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ করেন এবং এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এ সময় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।
রিজওয়ানা হাসান ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মোকাবিলার জন্য জলবায়ু অর্থায়নকে ১০০ বিলিয়ন ডলার দ্বিগুণ করার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভাল বিশ্ব নিশ্চিতে কাজ করার ওপর জোর দেন।

পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। তিনি যুব সমাজের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনকে (জিসিএ) আরও কার্যকর করার আহ্বান জানান।

তাদের আলোচনায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই, পরিবেশ সংরক্ষণ এবং বন টেকসই ব্যবস্থাপনা বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হয়েছে। উভয় পক্ষ আরো সহযোগিতার সুযোগ যেমন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর ও নীতিগত উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।