এপ্রিল ১৮, ২০২৬

সিকিমে ভয়াবহ ভূমিধস, গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র


ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধ্বংসের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এরপর ধসে পড়া মাটিতে এটি চাপা পড়ে যায়। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিদ্যুৎ কেন্দ্রের পাশ থেকে ধারণ করা কয়েকটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের চূড়ার একটি অংশ নড়ছে। এর কিছুক্ষণ পরই পাহাড়ের বড় একটি অংশ বিদ্যুৎ কেন্দ্রের উপর আছড়ে পড়ে ।

২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট।