আগামী দুই দিন ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস
আগামী দুই দিনের মধ্যে ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

