এপ্রিল ১৮, ২০২৬

বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের


ঢাকাসহ দেশের সব  বিভাগে কয়েকদিন ধরেই হালকা বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় টানা ৮ দিন ভারীবৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়ার অধিদপ্তর।

শনিবার (২৯ জুন) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেছেন, আগামী ৫ জুলাই পর্যন্ত বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) এক পূর্বাভাসে জানানো হয়েছে যে, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।