জুন ৩, ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে বললেন স্থানীয় সরকার উপদেষ্টা


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণা ও উন্নয়নের উপর জোর দেওয়া প্রয়োজন। রাজধানীতে থাকা মশক নিয়ন্ত্রণ দপ্তর অকার্যকর হওয়ায় ডেঙ্গু সংক্রমণ রোধে প্রতিষ্ঠানটির পুনর্গঠন ও কার্যকর গবেষণার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, মশা নিধনে শুধুমাত্র মেডিসিনের উপর নির্ভর না করে পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য কীটতত্ত্ববিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে মতামত প্রদান করবেন, যা দীর্ঘমেয়াদে ডেঙ্গু মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগী সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের ঠিকানা অনুসন্ধান করে এলাকাভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, শুধুমাত্র নালা-নর্দমায় নয়, বাড়ির অভ্যন্তরে স্প্রে করা প্রয়োজন। এছাড়া সিটি কর্পোরেশনগুলোতে এন্টোমলজি ল্যাব স্থাপন করা প্রয়োজন, যেখানে মশার প্রজাতি নির্ধারণ করে প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নেওয়া যেতে পারে।

সভায় জানানো হয়, এই বছর দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৪৭১ জন এবং মৃতের সংখ্যা ৩১৪ জন। গত বছর একই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৭৬ হাজার ১৬৩ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৩৮০ জন।