এপ্রিল ১৮, ২০২৬

বিমানবন্দর এলাকায় ‘নীরব এলাকা’ ঘোষণা: শব্দ দূষণ রোধে বিশেষ কর্মসূচি


ঢাকা বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পর্যন্ত অঞ্চল ‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে হবে, তবেই হর্ন বাজানোর প্রবণতা কমবে।” তিনি জানান, আগামীতে সচিবালয় এবং হাসপাতাল এলাকায়ও এই ধরনের কার্যক্রম শুরু করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিআইপি প্রটোকলের অংশ হিসেবে সাইরেন বাজানো নিরুৎসাহিত করা হবে। পাশাপাশি, ডিসেম্বর-জানুয়ারি মাসে পুরো ঢাকা শহরজুড়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি আরও জানান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে প্রস্তাব রাখা হয়েছে যে, লাইসেন্স প্রাপ্তিতে হর্ন বাজানোর নিয়ম নিরুৎসাহিত করার শর্ত যুক্ত করা যায় কি না তা বিবেচনা করতে।

এই কর্মসূচির কার্যক্রমের অংশ হিসেবে স্বেচ্ছাসেবীরা ৭ দিন রাস্তায় অবস্থান করে মানুষকে সচেতন করবে। তবে, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।