এপ্রিল ১৮, ২০২৬

‘কয়লাদূষণ বন্ধ করো, পায়রা নদী রক্ষা করো’ স্লোগানে নৌ শোভাযাত্রা


“কয়লা দূষণ বন্ধ কর, পায়রা নদী রক্ষা কর” স্লোগানে বরগুনার তালতলীতে নৌ-র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে #EndCoal এর এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি উপলক্ষে মোংলায় এই কর্মসূচি পালিত হয়। এই আয়োজনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়া বিশ্বের বৃহত্তম কয়লা নির্ভরশীল বাজার। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার ব্যবহার বন্ধ করা এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বরিশালের ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার বর্জ্য পায়রা নদীতে ফেলার কারণে ইলিশ মাছের সংখ্যা কমে যাচ্ছে, এবং এই দূষণ আশেপাশের কৃষি, বন্যপ্রাণী এবং মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে।

তাঁরা আরও বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের কালো ধোঁয়া টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলেছে। তাই কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা কমিটির সমন্বয়ক জাহাঙ্গীর মিয়া, তেঁতুল বাড়িয়া নদী ভাঙন রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক সুলতানা আহমেদ, এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমানসহ অন্যান্য পরিবেশকর্মীরা।