এপ্রিল ১৮, ২০২৬

ফেনীতে স্মরণকালের বন্যা, উদ্ধারে সেনাবাহিনী-বিজিবি-কোস্টগার্ড


ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় উত্তরের তিন উপজেলা—ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখো মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এই ভয়াবহ বন্যায় বুধবার (২১ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বিজিবি ও কোস্টগার্ডও উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টারও।

জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যা কবলিতদের উদ্ধারে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরামে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের আরও ছয়টি বোট এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধারের জন্য সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত আছে। খারাপ আবহাওয়ার কারণে অভিযান শুরু করা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত বন্যায় একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।