এপ্রিল ১৮, ২০২৬

চট্টগ্রাম নয়াবাজার এলাকায় জলাবদ্ধতা 


অল্প বৃষ্টিতে নয়াবাজার ও হালিশহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে সাধারণ জনগণকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

আজ রবিবার (৩০ জুন) সকাল থেকে দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে হালিশহরের এই অঞ্চলে হাঁটুসমান পানি জমে গেছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পানি নেমে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, ফলে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বেরিয়েছিলেন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় অথবা কোমরসমান পানি মাড়িয়ে বাড়ি ফিরেছেন।

নয়াবাজার এলাকার বাসিন্দা ইলিয়াস হাসান জানান, “বৃষ্টির দিনে এই সড়কে পানি জমা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ২০ টাকার রিকশা ভাড়া ৪০ টাকা চাচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।”

এই বিষয়ে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা জানান, জলাবদ্ধতা দূরীকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আশ্বাস দেন যে, জলাবদ্ধতার সমস্যা দ্রুত সমাধান করা হবে।