কুতুবদিয়ার বহির্নোঙরে এলপিজি জাহাজে অগ্নিকাণ্ড
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে রোববার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে ‘সুফিয়া’ নামের একটি এলপিজি বহনকারী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের (চট্টগ্রাম) ক্যাপ্টেন মো. জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে কোস্টগার্ড। আগুন নিয়ন্ত্রণে একটি টাগ শিপ এবং তিনটি মেটাল শার্ক ইউনিট কাজ করছে।
নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত আছি এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে, ৫ অক্টোবর, বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‘ওটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারেও অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় চার্লি এঙ্করেজে অবস্থানরত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজে একজন নিহত হন। পরপর এমন অগ্নিকাণ্ডের ঘটনা জাহাজ পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন তুলছে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে কিনা কিংবা জাহাজটির কারিগরি ত্রুটি ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

