৬ বছরে ১১টি বেড়ে সুন্দরবনে বাঘের সংখ্যা এখন ১২৫
সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বর্তমানে বাঘের সংখ্যা ১২৫-এ দাঁড়িয়েছে। ২০১৮ সালের তুলনায় সুন্দরবনের বাঘের সংখ্যা ১১টি বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে ‘সুন্দরবন বাঘ জরিপ-২০২৪’র ফলাফল প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।
২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সুন্দরবনের ২ হাজার ২৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে জরিপটি চালানো হয়। মোট ৬৫৭টি ক্যামেরা স্থাপন করা হয়, যা স্বয়ংক্রিয়ভাবে বাঘের ছবি ধারণ করে। প্রাপ্ত মোট ৩১ হাজার ৪৮২টি ছবির মধ্যে বাঘের ছবি ছিল ৭ হাজার ২৯৭টি।
রিজওয়ানা হাসান জানান, ২০২৩-২৪ সালের জরিপে সুন্দরবনে ১২৫টি বাঘের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪। উল্লেখযোগ্যভাবে, এবার বাঘ শাবকের সংখ্যাও বেড়েছে। তবে জরিপের চূড়ান্ত ফলাফলে শাবকগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ শাবকের মৃত্যুহার সাধারণত অনেক বেশি।
উল্লেখ্য, ক্যামেরা ফাঁদ পদ্ধতিতে প্রথম বাঘ জরিপ করা হয় ২০১৫ সালে, যেখানে ১০৬টি বাঘের উপস্থিতি নিশ্চিত করা হয়। পরবর্তী জরিপ হয় ২০১৮ সালে, তাতে ১১৪টি বাঘ পাওয়া যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ জানান, সুন্দরবনে বাঘের প্রজননের জন্য অনুকূল পরিবেশ রয়েছে, যা ভবিষ্যতে বাঘের সংখ্যা আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

