রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়
সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে রাতের মধ্যে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলা, ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা, এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায়, অর্থাৎ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া, দিন ও রাতের তাপমাত্রা শূন্য থেকে ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে পূর্ব-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

