টিন দিয়ে ঘেরা করে গোপনে পাহাড় কাটার ঘটনা
চট্টগ্রামের উত্তর পাহাড়তলী এলাকায় টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে গোপনে পাহাড় কাটার একটি ঘটনা ধরা পড়েছে। রোববার (আজ) সকালে পাহাড় কাটার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালান চান্দগাঁও সার্কেলের এসিল্যান্ড ও সহকারী কমিশনার ইউছুফ হাসান।
তিনি আজাদীকে জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টিন দিয়ে ঘেরা অংশের ভেতরে পাহাড় কাটা হচ্ছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। সহকারী কমিশনার জানান, পাহাড় কাটার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে। অধিদপ্তর শিগগিরই মামলা করবে বলে তিনি জানান।
অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে টিনের বাউন্ডারি তৈরি করে পাহাড় কাটার প্রস্তুতি চলছিল। টিনের বাউন্ডারি খুলে পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে। একই এলাকার উত্তর লেকসিটিতে টিনের অস্থায়ী কয়েকটি ঘরও দেখা যায়। সেগুলো অবৈধভাবে তৈরি হওয়ায় ঘর মালিকদের নিজ উদ্যোগে অপসারণের জন্য সময় দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট জানান, ভবিষ্যতে পাহাড় কাটার কোনো খবর পাওয়া মাত্রই সাথে সাথে অভিযান চালানো হবে।

