এপ্রিল ১৮, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম’


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ শীর্ষক সম্মেলন। আগামী ১০ অক্টোবর, ২০২৪ (বৃহস্পতিবার) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)।

সম্মেলনটির প্রতিপাদ্য বিষয় হলো ‘বাংলাদেশ ফ্যাশন: ড্রাইভিং কালেকটিভ ক্লাইমেট অ্যাকশন’। এতে দেশের পোশাক খাতের উদ্যোক্তা, সরকারের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, বিদেশি ফ্যাশন ব্র্যান্ড এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে প্যানেল আলোচনা, উপস্থাপনা ও কর্মশালার পাশাপাশি দুটি নতুন উদ্যোগের উদ্বোধনও হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।

বিএইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাশন শিল্প বিশ্বব্যাপী মোট কার্বন নিঃসরণের প্রায় ১০ শতাংশের জন্য দায়ী, যা এয়ারলাইনস ও শিপিং খাতের সম্মিলিত কার্বন নিঃসরণের চেয়ে বেশি। এ কারণে ফ্যাশন শিল্পে কার্বন নিঃসরণ কমানো এখন বৈশ্বিক পর্যায়ে আলোচিত একটি ইস্যু। সম্মেলনের মাধ্যমে পোশাক খাতে টেকসই উন্নয়নের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

এবারের ফোরাম আয়োজনের সহযোগী হিসেবে কাজ করছে অ্যাপারেল ইমপ্যাক্ট ইনস্টিটিউট, ক্যাসকেল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জিআইজেড, এইচঅ্যান্ডএম, ঢাকায় নেদারল্যান্ডসের দূতাবাস, পিডিএস এবং টার্গেট।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে কার্বন নিঃসরণ কমানোর কোনো বিকল্প নেই। এ জন্য সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন। তৈরি পোশাক খাতকে টেকসই অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে, যাতে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি ভবিষ্যতে টেকসই উন্নয়নে খাতটি নিজের সক্ষমতা বাড়াতে পারে।