উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া: ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে প্রচণ্ড রোলিং (ঘূর্ণন) থাকার ফলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যাত্রীদের জানমালের সুরক্ষার কথা বিবেচনা করে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমোন্তাজ, রাংগাবালী এবং মনপুরাগামী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এহতেশামুল পারভেজ আরও জানান, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।

