সমুদ্র বন্দর থেকে নামল সংকেত, বৃষ্টির আভাস
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সংকেত তুলে নেওয়া হয়েছে।
এদিকে সোমবার রাতে আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।*

