রাঙ্গামাটিতে পাহাড়ধস, বন্যা পরিস্থিতির অবনতি
টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানের ২০টি স্পটে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ধসে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল সচল করেন। তবে মহালছড়ি এলাকায় সড়কে পানি থাকায় বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি আন্তজেলা যান চলাচল।
এদিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে বেড়াতে আসা আড়াইশো পর্যটক সাজেক ত্যাগ করতে পারেননি। কাচালং নদীর পানি বেড়ে খাগড়াছড়ি-সাজেকের একাধিক স্থানে সড়ক ডুবে যাওয়ায় পর্যটকরা গতকাল থেকে আটকা পড়েছেন।
পাহাড় ধসের ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে শহরের শিমুলতলী, রূপ নগরসহ বেশ কিছু এলাকায় মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে অনুরেধ করা হচ্ছে। ইতোমধ্যে অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। জেলার কাউখালী উপজেলার ইছামতি খাল ও কাউখালী খালে পানি বেড়ে ডুবে গেছে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর।

